এক-একটা মানুষ যেন এক-এক ফালি গল্প
কেউ খাঁ খাঁ জমি, ধু ধু মাঠ,
কেউ অবিরাম বৃষ্টিতে ভেজা তীর্থের কাক
বৃষ্টির অপেক্ষা শেষ হয় না।
বাবা ভূমিহীন কৃষক, ফসল ফলায়
সোনার ফসলে উঁকি দেয় সুখ,
উৎপাদন বাড়ে অভাব কমে না।
আমি সোনারহাটে পাঁথর কাটি
সূর্যভস্মে মাথা থেকে-ঝরে পড়ে নোনাঘাম
পর্দার ওপাশে তবু কারা যেন অহর্নিশ
আলোর চাবুক হাতে
কেড়ে নেয় সমূহ পিপাসা,
তবুও আমার পিয়াস কমে না।
মা পরের ঘরে চাল ভানে
উত্তপ্ত উনুনে ঝলমল করে রোদ্দুর ভাত
আমার ক্ষুধা কমে না।
বোন গার্মেন্টস এ সুতা কাটে
নতুন পোশাকের স্তুপ হয়
আমার শরীরে কাপড় উঠে না।
ভাই ঢাকায় ইমারত গড়ে
আট্টালিকার উপর দাঁড়িয়ে ওঠে আরেক অট্টালিকা,
দৃষ্টিটে নন্দন জুড়ে দেয় আবাসের ঠিকানা
নতুন স্বপ্নের মাধুরী মিশিয়ে শেষ টান মারে রঙ তুলির আঁচর।
শ্রমের দামে শুধু জমা হয় বঞ্চনা
তবুও আমাদের ঠাই মিলে না।

0 Comments
Post a Comment